গাজীপুরের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
রবিবার ( ১৯ জুলাই) সকালে তিনি মহানগরীর মজলিসপুর, বরইতলী, কারখানা বাজার, খালিশা বর্তা ও কাউলতিয়া নদীরপাড় এলাকায় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় এমপি রনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও মানবিক অঙ্গীকারের অংশ। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কাজ করছেন।
আজকালের খবর/বিএস