রবিবার ১৯ জুলাই ২০২৬
ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জোহরে ‘নেটওয়ার্ক স্কুল’ বন্ধ
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:২০ এএম   (ভিজিট : ৬)
মালয়েশিয়ার জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে পরিচালিত বিতর্কিত নেটওয়ার্ক স্কুলকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্যবসায়িক লাইসেন্স ছাড়া একটি স্থাপনায় কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় ইস্কান্দার পুতেরি সিটি কাউন্সিল (এমবিআইপি) এ নির্দেশনা জারি করেছে।

জোহরের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজি শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানান, পরিদর্শনে দেখা গেছে প্রতিষ্ঠানটি দুটি পৃথক স্থাপনা থেকে পরিচালিত হচ্ছিল। এর মধ্যে একটি কেবল প্রশাসনিক কার্যালয় হিসেবে বৈধ লাইসেন্সপ্রাপ্ত হলেও অন্যটি কোনো ব্যবসায়িক লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল, যদিও সেটির মালিক একজন স্থানীয় নাগরিক।

তিনি বলেন, লাইসেন্সবিহীন ওই স্থাপনায় কার্যক্রম পরিচালনার কারণে এমবিআইপি প্রতিষ্ঠানটিকে ব্যবসা বন্ধের নোটিশ দিয়েছে। পাশাপাশি অনুমোদিত শর্ত না মেনে সাইনবোর্ড প্রদর্শনের অভিযোগে স্থানীয় সরকার আইন ১৯৭৬-এর ১০৭(২) ধারায় পৃথক নোটিশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসনিক অফিস হিসেবে অনুমোদিত স্থাপনাকে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে। এছাড়া প্রয়োজনীয় বিস্তারিত আবেদন ছাড়াই ব্যবসায়িক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগও পাওয়া গেছে।

বিদেশি অংশগ্রহণকারীদের বিষয়ে ওন হাফিজ বলেন, বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশসংক্রান্ত সব বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিষয়ে ফেডারেল সরকারের দ্রুত, সুস্পষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জোহর সরকার।

তিনি বলেন, জোহর সরকারের এখতিয়ারের মধ্যে থাকা বিষয়গুলোতে এমবিআইপি তদন্ত অব্যাহত রাখবে। তদন্তে আইন, লাইসেন্সের শর্ত বা অন্যান্য বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ১৪ জুলাই মুখ্যমন্ত্রী ওন হাফিজ অভিযোগের পরিপ্রেক্ষিতে নেটওয়ার্ক স্কুলের কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটির কার্যক্রমে ইসরায়েলি নাগরিকরা অংশ নিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, জোহরকে কোনোভাবেই এমন কোনো মতাদর্শ বা আন্দোলনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, যা আইন, রাজ্যের সার্বভৌমত্ব কিংবা মালয়েশিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তদন্তে নেটওয়ার্ক স্কুলে ইসরায়েলি নাগরিকদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft