মালয়েশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ৩৭তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলা ২০২৬-এ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের উদ্যোগ ও সমন্বয়ে এবং বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহযোগিতায় এ অংশগ্রহণের আয়োজন করা হয়।
মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে রয়েছে ৬৫০টির বেশি স্টল। উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য এ মেলা এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য আয়োজন হিসেবে পরিচিত।
মালয়েশিয়ার প্রোমাস আন্তর্জাতিক ব্যবসা সংগঠন ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এ মেলার উদ্বোধন করেন দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক সেরি আহমাদ মাসলান।
উদ্বোধনের পর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদ এবং অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা।
বাংলাদেশের প্রতিনিধিরা দেশটির প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের অগ্রগতি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা এবং রপ্তানি সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
পাশাপাশি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্প্রসারণে সহযোগিতার আহ্বান জানান।
বাংলাদেশের প্যাভিলিয়নে আমান প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ, ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড, ব্যাগস অ্যান্ড প্যাকস, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ কোম্পানি লিমিটেড, জিহান টয় ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক, দ্য মার্চেন্টস লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আকিজ বায়াক্স ফিল্মস, নর্থ প্যাক, অ্যাপোল প্রিন্ট প্যাক এবং সাথী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্লেক্সিবল প্যাকেজিং, গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী, প্লাস্টিক খেলনা এবং বিভিন্ন ধরনের শিল্প পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় মালয়েশিয়া ও বিভিন্ন দেশের শিল্প উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারী ও বিনিয়োগকারীরা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের প্লাস্টিক শিল্পের অগ্রগতির প্রশংসা করে মালয়েশিয়ার উপমন্ত্রী আহমাদ মাসলান বলেন, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।
এদিকে, মেলার পার্শ্ব আয়োজনে অনুষ্ঠিত প্লাস্টিক শিল্প বিনিয়োগ সংযোগ ফোরামে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। সেখানে বাংলাদেশের প্লাস্টিক শিল্পকে সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে তুলে ধরা হয়।
প্রতিনিধি দল আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়াসহ এ অঞ্চলের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তঃসীমান্ত শিল্প সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর জানায়, দেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানি সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে নিয়মিতভাবে বিভিন্ন বাণিজ্য ও শিল্প প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/ এমকে