শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
ব্রিটেনের ৬৯তম প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:১৫ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১২:১৮ পিএম  (ভিজিট : ৭০)
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা ও ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্বে নির্বাচিত হওয়ার পর আগামী সোমবার তিনি ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার লন্ডনে লেবার পার্টির বিশেষ সম্মেলনে দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) চেয়ারপারসন শাবানা মাহমুদ বার্নহ্যামের নাম নতুন দলীয় নেতা হিসেবে ঘোষণা করেন। তাঁর বিপক্ষে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

ব্রিটেনের সাংবিধানিক প্রথা অনুযায়ী, সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা সরকার গঠনের আমন্ত্রণ জানালে অ্যান্ডি বার্নহ্যাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মাত্র এক দশকের কিছু বেশি সময়ে এটি হবে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী পরিবর্তন, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

অ্যান্ডি বার্নহ্যাম দীর্ঘদিন লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও একসময় জাতীয় রাজনীতি ছেড়ে ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব নেন। উত্তর ইংল্যান্ডের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিতি পান। সম্প্রতি একটি উপনির্বাচনে জয়ী হয়ে আবারও জাতীয় রাজনীতিতে ফিরে আসেন তিনি।

অন্যদিকে, মাত্র দুই বছর আগে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা কিয়ার স্টারমার শাসনামলে নীতিগত পরিবর্তন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং স্থানীয় নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের কারণে দলীয় চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

বিশ্লেষকদের মতে, সাধারণ নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেও বার্নহ্যামের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেশের অর্থনীতি, জনজীবনের ব্যয় সংকট এবং লেবার পার্টির প্রতি জনআস্থা পুনরুদ্ধারই হবে তাঁর সরকারের প্রধান পরীক্ষা।

৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহ্যামের জন্ম লিভারপুলে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা বার্নহ্যাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে বরাবরই সচেষ্ট এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে তাঁর অবস্থান লেবার পার্টির রাজনীতিতে বিশেষভাবে পরিচিত।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft