মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
সম্প্রতি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ দেওয়া হয় ১নং ওয়ার্ডের ঘোনা পাড়া ও আদর্শ পাড়া, ৬নং ওয়ার্ডের উত্তর বিল্লাহ পাড়া ও দক্ষিণ বিল্লাহ পাড়া, ৯নং ওয়ার্ডের পূর্ব মরিচ্চ্যা পাড়া ও পশ্চিম মরিচ্চ্যা পাড়াসহ আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিমের দিকনির্দেশনা এবং পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্কভিউ হসপিটালের পারচেজ ডিরেক্টর ফয়সাল মো. ইউনুস, চিফ ফাইন্যান্স অফিসার আবদুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাব উদ্দীন এবং মার্কেটিং টিমের সদস্যরা।
ত্রাণ বিতরণকালে স্থানীয় বাসিন্দারা পার্কভিউ হসপিটাল লিমিটেডের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও যে কোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
উল্লেখ্য, দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল লিমিটেড নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে থাকে।
আজকালের খবর/বিএস