নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ রোধে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার (১৫ জুলাই ) কির্তনখলা, পাঙ্গাসিয়া সহ বিভিন্ন হাওরে মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধির নিমিত্তে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিকাল ৪:০০ টা থেকে ৬:৩০ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ৪০০ ফুট চায়না দুয়ারী জাল, ১১০০ মিটার কারেন্ট জাল, ১২০ টি কিরণমালা প্লাস্টিক বোতলের ছাই/ মাছ ধরার ফাদ এবং প্রায় ৫০০ হাত দৈর্ঘ্যের একটি মশারী জাল/ভেড় জাল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ ও সরকারি ঘোষিত নিষিদ্ধ চায়না দুয়ারী, কারেন্ট জাল ও কিরণমালা চাই তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত থানার জিম্মায় রাখা হয়েছে।
খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমানের উপস্থিতিতে ও খালিয়াজুরী থানার সঙ্গীয় ফোর্স নিয়ে, এই অভিযান পরিচালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অলিদুজ্জামান ।
এসময় খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ অলিদুজ্জামান জানান হাওরের দেশীয় মাছের প্রজনন ও বৃদ্ধি,জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে ও ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় অভিযানে আটককৃত জেলেদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ ধরবে না এই মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আজকালের খবর/ এমকে