দেশব্যাপী বিরাজমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বাউবির বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর ও পেশাভিত্তিক শিক্ষাক্রমের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জুলাই) বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, কৃষি শিক্ষা স্নাতক (বিএজি.এড.) প্রোগ্রামের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা, শিক্ষায় স্নাতকোত্তর (এম.এড.) পরীক্ষা-২০২৫-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এবং ব্যবসায় প্রশাসন স্নাতক (বিবিএ) প্রোগ্রামের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্তরের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া সব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে বাউবির এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ অঞ্চল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আজকালের খবর/বিএস