ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করলেও রক্ষা করা যায়নি গাড়িতে থাকা প্রায় দুই লাখ টাকার মাছ।
শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে সোনাগাজীর চর খোন্দকার এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি কেচিদিয়া নামক এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই খামার মালিক নুরুল আমিন বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানান। অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযানে নামে। পরে সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন জানান, পুলিশ গাড়িটি উদ্ধার করতে পারলেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ মারা গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় খামার মালিক বাদী হয়ে জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত এজাহার পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব