বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে গোল করে আরও একটি ঐতিহাসিক কীর্তি গড়লেন লিওনেল মেসি। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই ৬৪ বছর আগে গড়া একটি বিরল বিশ্বকাপ রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান আরও মজবুত করলেন তিনি।
কেপ ভার্দের বিরুদ্ধে গোলটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার জার্সিতে মেসির টানা পঞ্চম ম্যাচে গোল। এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর তিনি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। এবার কেপ ভার্দের বিপক্ষেও গোল করে টানা পাঁচটি নকআউট ম্যাচে গোল করার বিরল কৃতিত্ব স্পর্শ করলেন তিনি।
বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করার এই কীর্তি শেষবার দেখা গিয়েছিল ১৯৬২ সালে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ভাভার হাত ধরে। তাঁর আগে এই নজির গড়েছিলেন ব্রাজিলের লিওনিদাস (১৯৩৪-৩৮) এবং হাঙ্গেরির গিয়র্গি সারোসি (১৯৩৪-৩৮)। এবার সেই এলিট তালিকায় নিজের নাম যুক্ত করলেন লিওনেল মেসি। ৬৪ বছর পর আবারও এই বিরল রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।
কেপ ভার্দের বিরুদ্ধে গোল করার মাধ্যমে মেসি টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচেও গোল করার নিজস্ব রেকর্ড আরও দীর্ঘ করলেন। বিশ্বকাপ ইতিহাসে এই ধারাবাহিকতায় তিনিই একমাত্র ফুটবলার।
এবারের বিশ্বকাপে ইতিমধ্যে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর পিছনে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং নরওয়ের আর্লিং হালান্ড। বর্তমান ফর্ম বজায় থাকলে আরও একাধিক রেকর্ড যে মেসির পায়ে ধরা দিতে পারে, তা বলাই যায়।
আজকালের খবর/কবির