বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-তে আজ শনিবার ভোরে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। লিওনেল মেসির নেতৃত্বে নকআউট অভিযান শুরু করতে নামছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই শেষ ৩২-এ উঠে ইতিহাস গড়া কেপ ভার্দে আরও একবার অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই (স্থানীয় সময়)। বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৪ জুলাই, শনিবার ভোর চারটায়।
ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। এই স্টেডিয়াম লিওনেল মেসির কাছে পরিচিত মঞ্চ। ক্লাব ফুটবলেও এই শহরেই খেলেন আর্জেন্টাইন মহাতারকা। তাই পরিচিত পরিবেশে মাঠে নামার সুবিধা কাজে লাগিয়ে শেষ ১৬ নিশ্চিত করতে চাইবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপে এখনও অপরাজিত কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই।
গ্রুপ জে-তে তিনটি ম্যাচই জিতে শীর্ষস্থান দখল করে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে তারা মোট আটটি গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি। অন্যদিকে, গ্রুপ এইচ-এ স্পেনের পর দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠেছে কেপ ভার্দে। স্পেন, সৌদি আরব এবং উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত থেকে নকআউটে পৌঁছেছে আফ্রিকার দলটি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বিশ্বকাপের এই পর্যায়ে সব দলই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই কোনও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না। তিনি বিশেষভাবে কেপ ভার্দের রক্ষণভাগের প্রশংসা করেন। স্কালোনির মতে, দলটি দুর্দান্তভাবে ডিফেন্স করে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে। পাশাপাশি প্রতিপক্ষের পাসিং লেন বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও তারা যথেষ্ট দক্ষ। তাই এই ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই খেলবে আর্জেন্টিনা।
আজকালের খবর/কবির