বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। বাঁচা-মরার এই লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় কৌতুহল নেইমারের ‘গেম টাইম’ নিয়ে। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা নেইমার কি আজ শুরুর একাদশে থাকবেন?
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দেওয়া বক্তব্য অনুযায়ী, জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকে মাঠে দেখার সম্ভাবনা বেশ কম। তবে গেম টাইম যে বাড়ছে, সেই আভাস স্পষ্ট।
নেইমারের চোট ও ফিটনেস আপডেট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ইনজুরি কাটিয়ে খুব দ্রুত উন্নতি করছে এবং বর্তমানে বেশ ভালো অবস্থায় আছে। গত সপ্তাহে তার শারীরিক কন্ডিশনে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যবশত, সে এখনো পুরো সময় আমাদের সাথে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সোমবার ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায়, তার ওপর ভিত্তি করেই নেইমারকে মাঠে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে মাঠে নামেন নেইমার। দ্বিতীয়্যার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই এক অনন্য ইতিহাস গড়েন তিনি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে জালমা সান্তোস, পেলে ও কাফুর পর চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেলেসাওদের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন নেইমার জুনিয়ার।
এদিকে ছন্দে থাকা ফরোয়ার্ড ম্যাথেউস কুনিয়কেকে স্কটল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশলটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। আক্রমণভাগে বৈচিত্র্য আনা প্রসঙ্গে আনচেলত্তি যোগ করেন, ‘শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে বেঁধে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে।
প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি। ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে।’
আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার তাদের মুখোমুখি হতে হবে আইভোরি কোস্ট অথবা নরওয়ের।
আজকালের খবর/ এমকে