গুয়াদালাজারায় স্পেনের কাছে ১-০ গোলে হারতে হয়েছে উরুগুয়েকে।অন্যদিকে, হিউস্টন স্টেডিয়ামে সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। ৪৮ দলের বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই ছোট্ট দেশটির এই অবিশ্বাস্য সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে।গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে না পারলেও কেপ ভার্দের ডিফেন্স গত দুটো ম্যাচের মতোই এদিনও তাঁদের বাঁচিয়ে দিয়েছে। ইতিহাস গড়ে তাঁদের এনে দিয়েছে নকআউটের টিকিট।
গোলশূন্য ড্রয়ের ফলে গ্রুপের কোনও দলই তাদের বিরুদ্ধে জয় পায়নি। অন্যদিকে, স্পেনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে উরুগুয়ে। পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ১০টি দ্বীপ নিয়ে গঠিত ছোট দেশ কেপ ভার্দে।
বিশ্বকাপে অভিষেকেই তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। কেপ ভার্দের এই সাফল্য আরও স্পেশাল, কারণ জনসংখ্যা ও আয়তনের বিচারে বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছনো সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে তারা।
মাত্র আট মাস আগে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছিল কেপ ভার্দে। তারপর থেকেই ফুটবল বিশ্বের সামনে পরপর নিজেদের জাত চিনিয়েছে তারা। প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল কেপ ভার্দে।
কিপার ভোজিনহা এবং কেপ ভার্দে ডিফেন্স গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল। তবে শুধু রক্ষণ নয়, আক্রমণেও নিজেদের প্রমাণ করেছে কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে নকআউটে যাওয়ার আশা আরও উজ্জ্বল হয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউটে যেতে কেপ ভার্দের প্রয়োজন ছিল যে কোনও ভাবে হার এড়ানো।
একই সময়ে স্পেনের হয়ে ৪২ মিনিটে আলেক্স বায়েনার করা একমাত্র গোলে উরুগুয়ে হেরে যাওয়ায় সব সমীকরণ বদলে যায়।
সৌদির বিরুদ্ধে কেপ ভার্দের শক্তিশালী রক্ষণই শেষ পর্যন্ত তাদের ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দেয়। তবে নকআউট পর্বের পথ কেপ ভার্দের জন্য সহজ হবে না। বিশ্বকাপের অভিষেককারী এই দলকে রাউন্ড অফ ৩২-এ মুখোমুখি হতে হবে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
আগামী ৪ জুলাই মেসির হোম গ্রাউন্ড মায়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। তবে কড়া টক্করের বার্তা ইতিমধ্যেই দিয়েছেন দলের কোচ বুবিস্তা।
এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমত, আমরা গর্বিত যে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা নিজেদের পরিচয় ও নিজস্ব খেলার ধরন বজায় রেখেই মাঠে নামতে চাই। আমরা নিজেদের মতো করেই খেলব। আত্মবিশ্বাস, মানসিকতা এবং দায়িত্ববোধ নিয়ে। আমরা জানি, আর্জেন্টিনায় বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররা খেলেন। তাদের দলে লিওনেল মেসিও রয়েছেন। কোনও কিছুই অসম্ভব নয়।’
আজকালের খবর/ এমকে