সোমবার ৮ জুন ২০২৬
গোয়ালন্দে ‘শ্রেষ্ঠ পুত্রবধূ’ সম্মাননা পেলেন তিন নারী
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৯)
‘একজন পুত্রবধূ, একটি পরিবার, একটি সুন্দর সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তিনজন শ্রেষ্ঠ পুত্রবধূকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নকুঁড়ি’-এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই ব্যতিক্রমী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বপ্নকুঁড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শরীফ ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এ সময় সংগঠনের উপদেষ্টা কে মোহিত হিরা, সানোয়ার আহমেদ সানু, ফাহিম আশরাফ হিমেল, আকিব সরদার ও নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত পুত্রবধূ ফেরদৌসী বেগম আবেগপ্লুত হয়ে বলেন, তাঁর শ্বশুর তাঁকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন এবং সবসময় ‘মা’ বলে ডাকতেন। স্বামীর চাকরির সুবাদে বাইরে থাকার পরও তিনি শ্বশুর-শাশুড়িকে একা ফেলে কোথাও যাননি, বরং মন থেকে তাঁদের সেবা করেছেন। আরেক সম্মাননা প্রাপ্ত পুত্রবধূ নাসিমা আক্তার ডলি জানান, শ্বশুর-শাশুড়ির সেবা করাকে তিনি কেবল কর্তব্য নয়, বরং ইবাদত হিসেবে গ্রহণ করেছিলেন এবং শ্বশুরের জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর পাশে থেকে সেবা করে গেছেন। অন্যদিকে মোছাঃ সহিতন নেছা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, শাশুড়ির সাথে তাঁর সম্পর্ক মা-মেয়ের মতো। তাঁরা সবসময় একসাথে খাওয়া-দাওয়া করেন এবং একে অপরকে ছাড়া থাকার কথা ভাবতেও পারেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আজকের এই ব্যতিক্রমী আয়োজন পরিবারে ইতিবাচক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। তিনি সমাজ গঠনে ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft