মঙ্গলবার ৯ জুন ২০২৬
মহিপুরে ভার্মিকম্পোস্ট নিয়ে কারিতাসের মতবিনিময়
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৬)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, কেঁচোসার বা ভার্মিকম্পোস্ট উৎপাদন এবং এর বাজারজাতকরণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রাসায়নিক সারের উপর চাপ কমানোর লক্ষ্য নিয়ে সোমবার সকালে কারিতাস মহিপুর অফিসে স্থানীয় ব্যবসায়ী, সার ডিলার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। জিওএসি (GOAC) ও ক্যাফোড (CAFOD)-এর সহযোগিতায় কারিতাস বরিশাল অঞ্চল বাস্তবায়িত জলবায়ু সহনশীল অভিযোজন কৌশল বৃদ্ধিতে সক্ষমতা অর্জন বা 'একর‍্যাব' (ECRAB) প্রকল্প এই সভার বাস্তবায়ন করে।

সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব কৃষি বা এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণে একর‍্যাব প্রকল্প কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবেই মাঠপর্যায়ে কেঁচোসারের ব্যবহার বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে এর গ্রহণযোগ্যতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উৎপাদনে ভার্মিকম্পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় উল্লেখ করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একর‍্যাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেঁচোসার মাটির জৈবগুণ বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তিনি স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীদের এই পরিবেশবান্ধব সারের বাজারজাতকরণে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, হিট বাংলাদেশ-এর ম্যানেজার সুমন মজুমদার এবং এনজিও প্রতিনিধি রাজিব বিশ্বাস। একর‍্যাব প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মিলি আক্তারের সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলিটেটর নিয়ন্ত গমেজ।

সভায় স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ সদস্যসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ভার্মিকম্পোস্ট সারের বাজারজাতকরণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, উন্নত প্যাকেজিং, স্থানীয় গণমাধ্যমে প্রচার এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সবশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft