মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে রাজিব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে একদল ব্যক্তি বান্দাইল (জিয়ানগর) গ্রামের বাসিন্দা হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, রাজিব বাড়ির উত্তর পাশের একটি ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে তার সহযোগীদের কাছে পৌঁছে দেন।
এ সময় বাড়ির মালিক হাকিম আলী তাকে আটকানোর চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হাকিম আলীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধস্তাধস্তির সময় হাকিম আলীও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে আটক হওয়ার পর জনতার গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের খবর / রাশেদুল মিলন