নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ ৫ম বারের মতো এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে সংগঠনের বিশেষ সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেবেন।
সংগঠন সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে জুরি বোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক এবং একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়। নির্বাচিত কবি-সাহিত্যিকদের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান সংগঠক হাবিব রতন, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, অনিন্দ্য তুহিন প্রমুখ। সভায় তারিখ নির্ধারণের পাশাপাশি বাজেট প্রণয়ন, অতিথি নির্বাচন ও স্পন্সর অনুসন্ধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এই সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব