সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলেদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সহকারী রেঞ্জ কর্মকর্তা ইরফান আলী।
সভাপতির বক্তব্যে সহকারী রেঞ্জ কর্মকর্তা ইরফান আলী বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা শুধু আইনত দণ্ডনীয় অপরাধই নয়, এটি বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিষ প্রয়োগের ফলে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে, যা পুরো খাদ্যশৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করছে।
প্রধান অতিথি মো. আইয়ুব আলী সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জেলেদের বিষমুক্ত পদ্ধতিতে মাছ আহরণে উদ্বুদ্ধ করতে হবে। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সুন্দরবনে বিষ প্রয়োগের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণমাধ্যমে জোরালো প্রচারণার মাধ্যমে জনমত গড়ে তোলার ওপর জোর দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছা. মাহমুদা খানম, ইউপি সদস্য মোছা. ফাতেমা খাতুন, বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মো. রেজাউল করিম এবং সাবেক ইউপি সদস্য জিএম আব্দুল জলিল।
বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি, কড়া আইন প্রয়োগ ও জেলেদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আবদুর রশিদের পরিচালনায় এই সভায় স্থানীয় জেলে, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব