ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরশুরাম মডেল থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফাতেমা আক্তার ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে দেখা গেছে, ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ফাতেমার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব