রবিবার ৭ জুন ২০২৬
বিজিবির মারধরের অভিযোগে জয়পুরহাটে সড়ক অবরোধ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৬)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে এক বাসের হেলপার মারধরের শিকার ও চালক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। 

এর প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে জয়পুরহাট প্রধান বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকায় মারধরের এই ঘটনা ঘটে।

বাস সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘শ্যামলী পরিবহন’ এর একটি বাস ক্ষেতলালের নিশ্চিন্তা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। সামনে কিছুটা যানজট থাকায় বাসটি সংকেতের স্থান থেকে সামান্য সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালে ক্ষিপ্ত হয়ে বিজিবির কয়েকজন সদস্য এসে বাসের হেলপার সাদ্দাম হোসেনকে মারধর শুরু করেন। 

এ সময় বাসের চালক তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে বাসটি জয়পুরহাট টার্মিনালে পৌঁছানোর পর শ্রমিকরা বাস ও বিভিন্ন যানবাহন আড়াআড়ি করে রেখে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলামসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ২টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft