ব্রাহ্মণবাড়িয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে একটি পরিত্যক্ত দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে সংবাদকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল পুনিয়াউট এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পিস্তলটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক ও এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করেছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব