নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ মে) সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী দোকানের দিকে যান। দোকানে গিয়ে তিনি দেখেন, শাটার নামানো থাকলেও সেটি তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এসসয় স্থানীয়রা পুলিশে খবর দেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা এখনো কিছু জানেন না।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে সকালে পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তকাজ পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর গায়ে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আজকালের খবর / রাশেদুল মিলন