ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর জরুরি সংস্কার কাজের কারণে মহাসড়কে তীব্র ধীরগতি ও প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে চরম জনদুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে কেবল এক লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছিল। ফলে তীব্র ধীরগতির কারণে যানজটের লেজ সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু পর্যন্ত পৌঁছে যায়। তিশা পরিবহনের চালক মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার কাজ শুরু করার আগে বিকল্প ব্যবস্থা করলে ভালো হতো। ১৫ মিনিটের রাস্তা পার হতে এখন ১ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগছে।"
পারিবারিক কাজে বাড়ি ফেরা সেলিনা নামে এক বাসযাত্রী বলেন, "এক ঘণ্টা ধরে জ্যামে বসে আছি। সারাদিন মনে হয় রাস্তাতেই চলে যাবে। ব্রিজ মেরামত করার আগে কর্তৃপক্ষের বিকল্প রাস্তার ব্যবস্থা করা উচিত ছিল।"
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, লাঙ্গলবন্দ সেতুর এক লেনের সংস্কার কাজ চলায় সকাল থেকে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এর ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে এবং দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, "সেতুর এই সংস্কার কাজ পুরোপুরি শেষ হতে আগামী বুধবার পর্যন্ত সময় লাগবে। ইতোমধ্যে ঢাকামুখী লেনের আজকের মতো কাজ শেষ হওয়ায় দুটি লেনই খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে চট্টগ্রামমুখী লেনের সংস্কার কাজ চলছে।"
আজকালের খবর/কাওছার আল হাবীব