নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজি ও মাছের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি বাজার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে।
সোমবার ডিমলার বাবুরহাট বাজার, ভিতর বাজার ও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মৌসুমি সবজির সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিপাত ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে দাম বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, শসা ৬০ টাকা এবং কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা, কাঁকরোল (কিসকিন্দা) ও বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙে ও কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা এবং পেঁপে ও মিষ্টিকুমড়ো বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। নিত্যপণ্যের মধ্যে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ থেকে ৮৫ টাকা এবং আদা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির বাজারে অস্থিরতা থাকলেও মাংসের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।
তবে গত সপ্তাহের তুলনায় লেয়ার মুরগির দাম কেজিতে ৩৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকা এবং লেয়ার ৩১০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা দরে অপরিবর্তিত রয়েছে। সবজি ও মাংসের পাশাপাশি ডিমলার মাছের বাজারেও দাম কিছুটা চড়া। আকারভেদে রুই ও কাতল মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাশ ২০০ insert_to ২৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং দেশি টেংরা ও মাগুর ৬০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
বাজারে আসা ক্রেতা জয়নাল আবেদীন ও বাদশা জানান, যেভাবে দাম বাড়ছে তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রশাসন যদি নিয়মিত বাজার মনিটরিং করত, তাহলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারত না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, "অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজির উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এ কারণেই বাজারে দাম বেড়েছে।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব