ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার সংলগ্ন নতুন ডাঙ্গী গ্রামের সংযোগস্থলে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সেতু নির্মাণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ঢেউখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান।
সোমবার (১৮ মে) বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে নির্মিত এ সেতুর মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষের যাতায়াত সহজ হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে ওই এলাকায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও কৃষকদের দুর্ভোগ ছিল চরমে। এ অবস্থায় মানবিক দায়বদ্ধতা থেকে উদ্যোগ নিয়ে বাঁশের সেতুটি নির্মাণ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত হোসেন খান বলেন, মানুষের দুর্ভোগ কমানোই আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
আজকালের খবর/বিএস