মঙ্গলবার ১৯ মে ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযান
জাল কাস্টমস কাগজসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ১)
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জাল কাস্টমস কাগজ ব্যবহার করে অবৈধভাবে পরিবহন করা প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ট্রাকে থাকা মালামালের সঙ্গে থাকা কাস্টমসের বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। পরে কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় নিশ্চিত হওয়া যায়, কাগজগুলো জাল বা নকল।

এ ঘটনায় ট্রাকে থাকা ৬ হাজার কেজি ভারতীয় জিরা, একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন— সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং একই উপজেলার ২ নম্বর লক্ষীপুর এলাকার মো. আজমল হোসেন (২০)।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পারে, অসাধু চোরাকারবারিরা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া বৈধ কাগজপত্র জাল করে একই নথি বারবার ব্যবহার করে অবৈধ মালামাল পরিবহন করছে। এর মাধ্যমে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে।

বিজিবি আরও জানায়, কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় জালিয়াতির বিষয়টি শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকায় নজরদারি ও যাচাই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “দেশের অর্থনীতি সুরক্ষিত রাখা এবং চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft