শনিবার ১৬ মে ২০২৬
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ০)
চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে বলে জানায় পুলিশ। ওই সময় তাদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft