শুক্রবার ১৫ মে ২০২৬
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় চেয়ারম্যান দিদারুল, কান্নায় ভারী কোনাখালী
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৩)
কক্সবাজারের মাতামুহুরী উপজেলা-এর কোনাখালী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানবিক বিবেচনায় তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, বুধবার বিকেলে চেয়ারম্যান দিদারুল হক সিকদারের মা জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা প্রশাসনের অনুমোদনে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় নিজ বাড়িতে পৌঁছান দিদারুল হক সিকদার। এ সময় বাংলাবাজার এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

পরে করিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মায়ের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যান দিদারুল হক সিকদার চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন। তাঁর মায়ের মৃত্যুতে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।”

তিনি আরও জানান, জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে পুনরায় কক্সবাজার জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মরহুমা জান্নাতুল ফেরদৌস (৮২) বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মরহুম শাহাদাত আলী সিকদারের সহধর্মিণী ছিলেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft