শুক্রবার ১৫ মে ২০২৬
সড়কে ধান-ভুট্টা শুকানোয় চরম ভোগান্তি, দুর্ঘটনার শঙ্কায় ডিমলাবাসী
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ১০)
নীলফামারীর ডিমলা উপজেলা-এর বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়কে ধান ও ভুট্টা শুকানোর কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বাঘের পুল ব্রিজ সংলগ্ন সড়কে ফসল শুকানোর ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব সড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, পিকআপসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার বড় অংশজুড়ে ধান ও ভুট্টা শুকানোর কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফসলের দানা ছড়িয়ে থাকায় সড়ক পিচ্ছিল হয়ে পড়ছে, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় নিয়মিতভাবেই সড়কের ওপর ভুট্টা ও ধান শুকানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হয়েছেন বলেও জানা গেছে। এতে সাধারণ পথচারী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার ওপর এভাবে ধান-ভুট্টা শুকানো খুবই ঝুঁকিপূর্ণ। এতে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে অবিলম্বে সড়কে ফসল শুকানো বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বিকল্প স্থানে ধান ও ভুট্টা শুকানোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে ইমরানুজ্জামান বলেন, “চলাচলের রাস্তায় ভুট্টা বা ধান শুকালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহলের মতে, মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রশাসনিক তদারকি বাড়ানো জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft