সোমবার ১১ মে ২০২৬
তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১)
পটুয়াখালীর কলাপাড়ায় তালকপ্রাপ্ত স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিমুল মৃধা নামের এক যুবক। 

সোমবার (১১ মে) বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিমুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা, ভগ্নিপতি ইসমাইল ও ভাগনী সুমাইয়া।

লিখিত বক্তব্যে শিমুল বলেন, টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের শিমুল দীর্ঘদিন ধরে পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত। ২০১৪ সালে পারিবারিকভাবে একই এলাকার নয়া মিয়ার কন্যা নুরুন্নাহার ওরফে কেয়া মনির সঙ্গে তার বিবাহ হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তিনি কেয়া মনিকে সুখে রাখতে ১০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার প্রদান করেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকা সহযোগিতা করেন। তবে শুরু থেকেই তার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তার অর্থ-সম্পদ আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। বিভিন্ন সময়ে ট্রাক্টর কেনা, বিয়ের খরচ ও গোয়ালঘর নির্মাণের কথা বলে তার কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন।

 এমনকি তার নিজের অর্থে স্ত্রীর নামে জমিও কিনে দেন। তবে তারা তার বাড়িঘর ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ২০২৫ সালের ১০ মার্চ তার স্ত্রীসহ তার পরিবারের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে দা, লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করে। পরে উল্টো তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেন। তিনি বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি। পরে ২০২৬ সালের ৭ এপ্রিল তিনি বাধ্য হয়ে স্ত্রীকে তালাক দেন। তালাকের পর থেকেই তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেয়।

 গত ২২ এপ্রিল রাতে কেয়া মনি ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে তার বসতঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। তার গলায় থাকা স্বর্ণের চেইন পর্যন্ত ছিনিয়ে নেয়া হয়। পরে তার ফ্ল্যাটে তালা মেরে দখলে নেন। 

তিনি আরও বলেন, রবিবার দুপুরে কলাপাড়া থানার এসআই সুজন তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোরপূর্বক তার ঘরে উঠিয়ে দিয়ে আসে। বিষয়টি জানতে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন। ওসি তাকে জানায়, তালাক দেয়ার ১ মাস হয়েছে আরও ২ মাস পড়ে তালাক কার্যকর হবে। আপাতত তার বাড়িতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে রাখতে বলেন। তবে তালাকপ্রাপ্ত স্ত্রী ঘরে ওঠায় তিনি কিভাবে একই ছাদের নিচে থাকবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে উল্লেখ করেন। এছাড়া বর্তমানে তিনি ফের হামলা ও প্রাণনাশের শঙ্কায় রয়েছেন। 

শিমুল সংবাদ সম্মেলনের মাধ্যমে দখলকৃত ফ্ল্যাট উদ্ধার, লুট হওয়া স্বর্নালংকার ও নগদ টাকা উদ্ধার, তার বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানি মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে জানতে নুরুন্নাহার ওরফে কেয়া মনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্বামী পরকীয়া করে দ্বিতীয় বিবাহ করার পরে আমি সন্তানদের নিয়ে আলাদা ঘরেই থাকতাম। গত ২২ এপ্রিল আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। পরে দুই দিন আগে আমি বাসায় এসে দেখি আমার ঘরের সকল মালামাল লুট করে নিয়ে গেছে। পরবর্তীতে আমি পুলিশের দ্বারস্ত হলে তাদের সহযোগিতায় আমি সন্তানদের নিয়ে আবার ঘরে উঠি। আমার এবং আমার বাবার পরিবারের বিরুদ্ধে সে যে সকল অভিযোগ এনেছে তা সম্পূর্ন মিথ্যা। উল্টো আমার বাবা তার গরু বিক্রি করে তাকে টাকা দিয়েছে এবং কয়েক দফা আমার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে তাকে দিয়েছি। তারপরও সে পরকীয়ায় লিপ্ত হয়ে আমাকে অনেকবার অমানষিক নির্যাতন করেছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ ওই নারীকে ঘরে উঠিয়ে দেয়নাই। ওই নারী আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। পরে তার জন্য যেহেতু ওই বাড়িতে আলাদা ঘর করা রয়েছে আমরা তাকে ওই ঘরে উঠতে বলেছি। কারন তাদের তিন সন্তান রয়েছে। আর ওই যুবকের তালাক এখনো কার্যকর হয়নি। কারন তিনি নিয়ম মাফিক তালাক দেননি। তালাক কার্যকরের যে ধাপগুলো রয়েছে সেগুলো সে সম্পন্ন করেনি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft