চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ মে) বিকালে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৈকতের বিভিন্ন পয়েন্টে অনিয়ন্ত্রিতভাবে দোকান ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠার ফলে পরিবেশ ও পর্যটন ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছিল। বিশেষ করে সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থ ও পরিবেশের কথা বিবেচনা করে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার গুলিয়াখালী সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত ১২ জন পর্যটক আহত হন। ওই ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে প্রশাসন কঠোর অবস্থানে যায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, গুলিয়াখালীসহ উপজেলার সব পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং পর্যটকদের সুরক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব