দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও সুশাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ (এম.কে.পি) হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দুদক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন, উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান। কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের আইনি ভিত্তি, অভিযোগ দায়েরের পদ্ধতি, দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯-এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া স্কুল-কলেজে ‘সততা স্টোর’ ও ‘সততা সংঘ’ গঠনের লক্ষ্য এবং এতে কমিটির ভূমিকা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান প্রশিক্ষক মো. ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুদক বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কর্মশালায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব