মঙ্গলবার ১৬ জুন ২০২৬
শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন যবিপ্রবি অধ্যাপক ড. শেখ মিজানুর
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৬:৩২ পিএম  (ভিজিট : ১৯৯৮)
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা কল্যাণ ট্রাস্টে ৫০ লাখ টাকা অনুদান দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তাঁর সহধর্মিণী ফিরোজা পারভিন। তাঁদের নামে বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন শিক্ষা কল্যাণ ট্রাস্ট’ গঠনের লক্ষ্যে এই বিশাল অংকের অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন। এই ট্রাস্ট ফান্ডের মূল অর্থ স্থায়ী আমানত হিসেবে গচ্ছিত থাকবে এবং প্রাপ্ত লভ্যাংশ থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

চেক হস্তান্তরকালে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার ও আমার সহধর্মিণীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কিছু করা। ছোটবেলা থেকেই সমাজসেবার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। আজ শিক্ষার্থীদের জন্য এই ট্রাস্ট ফান্ড গঠন করতে পেরে খুব ভালো লাগছে। কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন আর্থিক সংকটে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অ্যালামনাইদেরও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যবিপ্রবির ইতিহাসে একজন শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন এটাই প্রথম। অধ্যাপক মিজানের এই ত্যাগ ও মহানুভবতা শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই বৃত্তির মাধ্যমে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হতে পারবেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমানের সহধর্মিণী ফিরোজা পারভিন, ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, রেজিস্ট্রার মো. কাজী জালাল উদ্দীন এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান যবিপ্রবির একজন জ্যেষ্ঠ শিক্ষক এবং বর্তমানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তাঁর এই মানবিক উদ্যোগ বিশ্ববিদ্যালয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft