সোমবার ২৭ জুলাই ২০২৬
পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৭২১)
দক্ষিণাঞ্চলের শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এন্টোমোলজি (কীটতত্ত্ব) বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভিসির পদ থেকে অব্যাহতি দিয়ে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

ড. হেমায়েত জাহান ১৯৭৭ সালের ২৮ অক্টোবর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অ্যাডভোকেট মাওলানা আ.ফ.ম. শাহজাহান ছিলেন একজন বিশিষ্ট আলেম ও আইনজীবী এবং মাতা বেগম লতিফা জাহান একজন শিক্ষিকা। শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ড. হেমায়েত জাহান দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘Kyungpook National University’ থেকে এন্টোমোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর আন্তর্জাতিক মানের গবেষণাকর্ম কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০০৩ সালে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দুই দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে পরিচিত। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরবর্তীতে প্রো-ভিসি হিসেবে অত্যন্ত দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষক সমিতি ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে শিক্ষকদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থরক্ষায় কাজ করেছেন।

ভিসির দায়িত্ব গ্রহণের পর ড. হেমায়েত জাহান পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “শুধু ডিগ্রি প্রদান নয়, জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। আমরা এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, প্রযুক্তি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমান বিকাশ ঘটবে।”

নতুন ভিসি হিসেবে তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন, গবেষণা অনুদান বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলভিত্তিক গবেষণা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্লাইমেট-স্মার্ট কৃষি নিয়ে কাজ করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বার্তায় নতুন ভিসি বলেন, “শুধু ভালো ফলাফল করলেই হবে না, সততা ও দায়িত্ববোধের সমন্বয়ে ভালো মানুষ হতে হবে।” শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ ড. হেমায়েত জাহানের হাত ধরে পবিপ্রবি উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft