রাজধানী ঢাকায় শুরু হয়েছে “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ-২০২৬। শুক্রবার বনানীর হোটেল সারিনায় আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশীয় প্রতিনিধিদলের প্রধান ও এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস)-এর দক্ষিণ এশিয়া প্রধান মঈন উদ্দিন আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ইএমজিএস বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়ার উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরতেই এই এক্সপোর আয়োজন করেছে। এতে মালয়েশিয়ার ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
এক্সপোতে ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে। আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীদের কাছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে নির্ভরযোগ্য ও সরাসরি তথ্য পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
এক্সপোটি ৮ ও ৯ মে ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৩ মে রাজশাহীর দ্য গ্র্যান্ড রিভারভিউ হোটেল এবং ১৫ মে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে আয়োজন করা হবে।
বিশেষ করে মাস্টার্স, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি পেশাজীবীদের জন্য এই আয়োজনকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে গবেষণার সুযোগ এবং শিল্প-সংযুক্ত প্রকল্পে অংশগ্রহণের সুবিধা দিয়ে থাকে।
আয়োজকরা জানান, মালয়েশিয়ায় পরিবার-বান্ধব শিক্ষা পরিবেশ থাকায় যোগ্য শিক্ষার্থীরা নির্ভরশীল পরিবার সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ পান। ফলে পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ সহজ হয়।
সাশ্রয়ী জীবনযাত্রার ব্যয়, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগের কারণে মালয়েশিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সফরের অংশ হিসেবে মালয়েশীয় প্রতিনিধিদল আগামী ১১ মে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এছাড়া ১৮ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আয়োজিত “বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চশিক্ষা নেটওয়ার্কিং অধিবেশন”-এ অংশ নেবে।
একইসঙ্গে মালয়েশিয়া সরকারের উদ্যোগে রাজধানীর সিক্স সিজনস হোটেলে একটি উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
এক্সপোতে আগত দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ভর্তি, বৃত্তি, টিউশন ফি, শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া ও ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পারছেন।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।
আজকালের খবর/ এমকে