শুক্রবার ৮ মে ২০২৬
মোহাম্মদপুর-আদাবরে র‍্যাবের ব্লকরেইড: গ্রেপ্তার ১১
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ১)
রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় ব্লকরেইড পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৮ মে) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় র‍্যাব-২ এর পাঁচটি আভিযানিক দল একযোগে ব্লকরেইড পরিচালনা করে।

অভিযানকালে শ্যামলী এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি রিকশাযোগে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিকশা থেকে ১২ দশমিক ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রিকশাও জব্দ করা হয়।

মুবীন রহমান তাপস জানান, পৃথক অভিযানে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ দুইজন এবং ১৬ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছে।

এছাড়া মোহাম্মদপুর এলাকায় পাঁচটি চাপাতিসহ দুই ছিনতাইকারী এবং আদাবর এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে চাপাতিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আটকরা সংঘবদ্ধ ছিনতাই ও দস্যু চক্রের সক্রিয় সদস্য। একই সময়ে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft