শুক্রবার ৮ মে ২০২৬
রবীন্দ্রনাথের মৃণালিনী হলেন সামিয়া অথৈ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৪)
রবীন্দ্রনাথের মৃণালিনী হলেন সামিয়া অথৈ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করেছেন একই শিরোনামের নাটক। চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। গল্পের মূল চরিত্র মৃণালিনীর ভূমিকায় অভিনয় করেছেন অথৈ। নাটকটির শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জে।

স্ত্রীর পত্র গল্পটি মূলত পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে জেগে ওঠা এক নারীর আত্মোপলব্ধি, ব্যক্তিস্বাধীনতা এবং প্রতিবাদের গল্প। পনেরো বছর সংসার করার পর স্বামীকে লেখা এক পত্রের মাধ্যমে মৃণালিনী তার অবদমিত জীবনের অভিমান, প্রতিবাদ এবং দাসত্ব থেকে মুক্তির ঘোষণা দেয়। বিন্দু নামের এক অনাথ, অসহায় মেয়ের আত্মহত্যা মৃণালিনীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। সংসার ও শ্বশুরবাড়ির চাপে পিষ্ট মৃণালিনী বুঝতে পারে, সে কেবল সংসারের শৃঙ্খলে আবদ্ধ একজন দাসী মাত্র। তাই সে প্রচলিত সংসারের দাসত্ব থেকে নিজেকে মুক্তির ঘোষণা দেয় এবং নতুনভাবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে শ্বশুরবাড়ি ত্যাগ করে।

স্ত্রীর পত্র নাটকে বিন্দুর চরিত্রে অভিনয় করেছেন শখ। অন্যান্য চরিত্রে আরেফিন জিলানী, সূচনা শিকদার, তূর্য, নয়ন প্রমুখ। মৃণালিনী চরিত্রে অভিনয় প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অসাধারণ একটি গল্পের মূল চরিত্রে কাজ করা যেকোনো অভিনেত্রীর জন্যই আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা। ভীষণ কৃতজ্ঞ নির্মাতা অরুণ চৌধুরীর কাছে। তাঁর সঙ্গে কাজের এই যাত্রা সব সময়ই স্মরণীয় হয়ে থাকবে।’

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বরাবরই আমাকে ভীষণ টানে। আর এই গল্পটি তো এখনো সমসাময়িক। চেষ্টা করেছি সুন্দর একটি নাটক নির্মাণের। অথৈ সুন্দর অভিনয় করেছে। বাকিদের অভিনয়ও খুব ভালো হয়েছে।’

স্ত্রীর পত্র নাটকটি প্রচারিত হবে আগামীকাল পঁচিশে বৈশাখ, বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft