ঢাকায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে।
রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে। এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন নেয়। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।
ইয়ামাহা মিউজিক কর্তৃপক্ষ এবং ট্রিপল টাইম জানায়, সকল টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। পরবর্তী তারিখ খুব শীঘ্রই জানানো হবে, তবে টিকিট রিফান্ড প্রক্রিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু করা হবে।
এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অনুপম রায় নিজে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।
আজকালের খবর/বিএস