শুক্রবার ৮ মে ২০২৬
মিনিসিরিজ ‘অ্যানি’ নিয়ে ফিরলেন সাদ, নামভূমিকায় তুষি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৭:৩৩ পিএম  (ভিজিট : ২৮)
কোনো টুঁ শব্দও নেই— কোথায় যে ডুব দিয়েছিলেন, তা যেন জানত না ইন্ডাস্ট্রির কেউই।পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে পর্দায় ফিরলেন নিভৃতচারী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। 

অবশেষে জানা গেল, ২০২১ সালে রেহানা মরিয়ম নূর দিয়ে আন্তর্জাতিক অঙ্গন ও দেশীয় চলচ্চিত্রে নিজের সুদৃঢ় অবস্থান জানান দেওয়ার পর, ২০২৩ সালে তিনি নির্মাণ করেন মিনিসিরিজ অ্যানি।

বরাবরের মতোই তার লক্ষ্য আগে আন্তর্জাতিক স্বীকৃতি।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, ‘অ্যানি’ নির্বাচিত হয়েছে জার্মানির মর্যাদাপূর্ণ সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর “উইমেন ইন সিরিজ” বিভাগে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ জায়গা করে নিল এই আন্তর্জাতিক সিরিজভিত্তিক উৎসবে।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ডিস্টোপিয়ান গল্পে দেখা যাবে এক তরুণী নার্স অ্যানিকে, যে এক ভয়ংকর “হেইট প্যান্ডেমিক”-এর মধ্যে নিজের পরিবার, সহিংসতা ও প্রতিশোধের অন্ধকার বাস্তবতার মুখোমুখি হয়। নির্মাণ, চিত্রনাট্য ও কনসেপ্ট—সবই করেছেন সাদ নিজে।

আগামী ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত হবে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার।

আন্তর্জাতিক এ অর্জনকে বাংলাদেশের নির্মাতাদের জন্য সম্ভাবনা হিসেবে দেখছেন প্রযোজক আলি আফজাল উজ্জ্বল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “এতদিন বাংলাদেশের মানুষ জানত যে শুধু চলচ্চিত্রই আন্তর্জাতিক উৎসবগুলোতে যায়। এ উৎসবে স্থান করে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সিরিজ নির্মাতারাও উৎসাহিত হবেন। নতুন দ্বার উন্মোচিত হবে।”

তিনি জানান, ২০২৩ সালে এ সিরিজটির শুটিং হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে। ৩৪ দিন ধরে চিত্রায়িত হয় এ সিরিজ। তুষি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।

এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান সাদ। পরে রেহানা মরিয়ম নূর কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে।

এবার ‘অ্যানি’র মাধ্যমে আন্তর্জাতিক সিরিজ অঙ্গনেও বাংলাদেশের নতুন সম্ভাবনার দুয়ার খুললেন এই নির্মাতা।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft