বৃহস্পতিবার ৭ মে ২০২৬
ব্র্যাক নার্সারির উদ্যোগে ডোমারে পেঁপে চাষের আধুনিক প্রশিক্ষণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১)
নীলফামারীর ডোমার উপজেলায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ, রোগবালাই নিয়ন্ত্রণ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক নার্সারি।

সোমবার (৭ মে) ডোমার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  ব্র্যাক লার্নিং সেন্টারের মধুবন সেমিনার  আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।  

দিনব্যাপী প্রশিক্ষণে পেঁপে চাষের আধুনিক কৌশল, উন্নত জাত নির্বাচন, জমি প্রস্তুতি, মাটি ও সার ব্যবস্থাপনা, আগাছা দমন এবং সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে হাইব্রিড ও দেশি জাতের পেঁপের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে চারা রোপণের উপযুক্ত সময়, সুষম সার প্রয়োগ, পরিচর্যা পদ্ধতি এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এছাড়াও পেঁপের বিভিন্ন রোগবালাই শনাক্তকরণ, পোকামাকড় দমন, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে লাভজনক ফল চাষের মধ্যে পেঁপে অন্যতম। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা স্বল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের বাস্তব জ্ঞান বৃদ্ধি করে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- কৃষিবিদ মো. ইসমাইল হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ, গাজীপুর এবং কৃষিবিদ মো. আশিকুর রহমান চৌধুরী, নার্সারি ম্যানেজার, ব্র্যাক নার্সারি নীলফামারী। তাঁরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক নার্সারি নীলফামারীর হিসাব কর্মকর্তা মো. সোহেল রানা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের কৃষক মো. এফতে খায়রুল চৌধুরী (শান্ত) বলেন, পোকামাকড় দমন, সঠিক সার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে নতুন অনেক তথ্য জানতে পেরেছি। এসব জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলনের আশা করছি।

অন্যদিকে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামের কৃষাণী খাদিজা আক্তার (মনি) বলেন, পেঁপে চাষ নিয়ে এ প্রশিক্ষণটি খুবই উপকারী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের নিয়ম ও হাইব্রিড জাত সম্পর্কে অনেক ভুল ধারণা দূর হয়েছে। এখন আধুনিক পদ্ধতিতে চাষ করতে আরও আত্মবিশ্বাস পাচ্ছি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মি কম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট জাতের পেঁপের চারা এবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে তাদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft