মঙ্গলবার ৫ মে ২০২৬
আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ২)
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দরা মৌজায় আদালতের স্থিতাবস্থা ও আইনি নির্দেশনা অমান্য করে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী কোহিনূর আক্তার (৪৫) সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, চান্দরা মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন কোহিনূর আক্তার ও তাঁর আত্মীয়রা। অভিযোগ উঠেছে, সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আতাউর রহমান আতা নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই নারীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাগানের গাছ কেটে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী গত ২১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯১) করেন। পরবর্তীতে প্রতিকার চেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১২১৮/২০২৫) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), টঙ্গীকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

কোহিনূর আক্তারের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার রাতের আঁধারে বিবাদীরা ওই জমিতে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।

বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, আবেদনটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft