মঙ্গলবার ৫ মে ২০২৬
আদমদীঘিতে বৃদ্ধের আড়াই লাখ টাকার গাছ কেটে নিলো প্রভাবশালীরা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ২)
বগুড়ার আদমদীঘিতে এক অসহায় বৃদ্ধের মালিকানাধীন প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১৯টি ইউক্যালিপটাস গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে ৮৪ বছর বয়সী মজিবর রহমানের সঙ্গে এই অমানবিক ঘটনা ঘটে। অভিযুক্ত আবুজার গাফ্ফারী স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নিমাইদীঘি গ্রামের বৃদ্ধ মজিবর রহমান গত ১১ মার্চ ধর্মীয় ইবাদত পালনের উদ্দেশ্যে ১০ দিনের জন্য মসজিদে এত্তেকাফে যান। তার অনুপস্থিতির সুযোগে আবুজার গাফ্ফারীর নেতৃত্বে একদল লোক মজিবর রহমানের রোপণ করা ১৯টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। 

ভুক্তভোগীর দাবি, কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এলাকাবাসীর ভাষ্যমতে, বিতর্কিত ওই জায়গাটি গত প্রায় তিন যুগ ধরে মজিবর রহমানের দখলে রয়েছে এবং গাছগুলো তিনিই রোপণ করে বড় করেছেন। ফলে জমির মালিকানা ও গাছের ওপর তার বৈধ অধিকার রয়েছে। গাছ চুরির এই ঘটনায় মজিবর রহমান প্রথমে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হন। পরে তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেন। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবাদীদের একাধিকবার নোটিশ দিলেও প্রভাবশালী আবুজার গাফ্ফারী ও তার সহযোগীরা আদালতে উপস্থিত হননি। কোথাও প্রতিকার না পেয়ে অবশেষে গত রবিবার সন্ধ্যায় মজিবর রহমান বাদী হয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুজার গাফ্ফারী দাবি করেন, “অভিযোগটি ভিত্তিহীন। গাছ লাগানো জায়গাটি আমার নিজস্ব সম্পত্তি।” 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, “গাছ কেটে নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অসহায় এক বৃদ্ধের সম্পদ এভাবে লুট হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নিন্দার ঝড় বইছে।

আজকালের খবর/কাওছার









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft