মঙ্গলবার ৫ মে ২০২৬
কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিব অব্যাহতি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৫)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা-এ এসএসসি পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে। জানা গেছে, গত ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী সাদিয়া খাতুন অংশ নেন। তার জন্য পৃথক প্রশ্নপত্র থাকার কথা থাকলেও ভুলবশত তাকে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষক—সুন্দরপুর চাঁদবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম এবং কে.পি.কে.বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন—ভুল করে ওই প্রশ্নপত্র সরবরাহ করেন। পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন এবং পরে কর্তৃপক্ষকে জানান।

ঘটনার পর কেন্দ্র সচিব বিধৌরা আক্তার সংশ্লিষ্ট দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে যশোর শিক্ষা বোর্ড কেন্দ্র সচিবকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌতম তরফদারকে নতুন কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব বিধৌরা আক্তার দাবি করেন, তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র সম্পর্কে আগে থেকেই নির্দেশনা দিয়েছিলেন এবং এর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও রয়েছে। এরপরও তাকে কেন অপসারণ করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি তার জানা আছে এবং এ বিষয়ে শিক্ষা বোর্ড কী পদক্ষেপ নিয়েছে, তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানা যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম জানান, পরীক্ষা কেন্দ্রের সব বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুনেছেন, ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে অপসারণসহ নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে, তবে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি এখনো তার কাছে পৌঁছেনি।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft