সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। বুধবার (২৪ জুন) বিকেলে এক প্রতিবাদ বিবৃতি আকারে প্রকাশ করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ্ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।
জেলা প্রশাসক তার বক্তব্যে ব্যবহৃত ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে খাটো, হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং তিনি রাষ্ট্রের নীতি ও চেতনাকে ধারণ করে যুব সমাজে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরার প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, দুঃখজনকভাবে তার বক্তব্যকে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সাতক্ষীরা জেলা বিএনপি মনে করে, কোনো বক্তব্যকে তার প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা অনাকাঙ্খিত এবং দায়িত্বশীলতার পরিপহ্নি। সাতক্ষীরা জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
অপরদিকে, ‘ধর্মান্ধ’ শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ওলামা মাশায়েখ পরিষদ। বুধবার বিকেল ৫টায় শহরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ওলামা মাশায়েখ পরিষদ সাতক্ষীরার সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। জেলাবাসীকে ধর্মান্ধ বলে আখ্যা দিয়ে বক্তব্য দেয়া জনগণের প্রতি অসম্মানজনক। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এক সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে হবে। শিক্ষায়, সংস্কৃতি, খেলাধুলায় সকল ক্ষেত্রে এগিয়ে নিতে হবে।
সাতক্ষীরায় ধর্মান্ধতা চলে এসেছে বলে একটা অপপ্রচার আছে। এটি দূর করতে হলে, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলায় এগিয়ে নিতে হবে, তা প্রত্যন্ত এলাকায় তা ছড়িয়ে দিতে হবে।
আজকালের খবর/বিএস