পটুয়াখালীর বাউফলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দেশের ১৫০টি উপজেলায় সরকার এই সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বাউফলে দ্বিতীয় ধাপে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলো। এবারের প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে ৮ জন নারী ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে নরসুন্দর, কুমার, কামার, বাঁশ ও বেতশিল্পী, নকশিকাঁথা কারিগর, মুচি, বাউল শিল্পী এবং মালাকর ও সুইপার পেশার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী সনদের পাশাপাশি ১৮ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া তাদের দক্ষতা মূল্যায়নের জন্য ছয় মাস পর ফলোআপ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্য দেশের আট বিভাগের নির্ধারিত কার্যালয়ের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ ও বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের আয় বৃদ্ধি ও টেকসই কর্মসংস্থানে বিশেষ সহায়ক হবে।
সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের ডেস্ক অফিসার মো. বিল্লাহ হোসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব