গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তায় ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর জমে যাচ্ছে ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত কালচে পানি। এতে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে তেমনি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীরা।
বৃষ্টি হলেই পর মাওনা চৌরাস্তার বিভিন্ন অংশে পানি জমে যায়। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশের অধিকাংশ ড্রেন প্লাস্টিক, পলিথিন, কাদা ও বর্জ্যে ভরাট হয়ে আছে। কোথাও কোথাও ড্রেনের মুখ সম্পূর্ণ বন্ধ থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আশপাশের দোকান, মার্কেট ও বাসাবাড়ির বর্জ্য বছরের পর বছর ধরে ড্রেনে ফেলায় এবং অনেক ভবনের লাইনের পানি সরাসরি ড্রেনে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী ও পথচারীদের দাবি, বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় উঠে আসায় শুধু চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং পচা পানির দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে। এদিকে পৌর প্রশাসনের উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হলেও তোলা ময়লা মহাসড়কের পাশেই ফেলে রাখা হচ্ছে। ফলে বৃষ্টিতে সেই ময়লা আবার ড্রেনে চলে যাচ্ছে, যা পুরো কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা জানান, মাওনা চৌরাস্তার জলাবদ্ধতা নিরসনে তারা ধারাবাহিকভাবে কাজ করছেন। ড্রেন পরিষ্কারের পাশাপাশি অপসারিত বর্জ্য দ্রুত নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব