প্রীতি জিনতাকে পাঞ্জাব কিংসে ‘ট্রফি’ বলে তির্যক মন্তব্য করা হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ পাঞ্জাব কিংসের দুর্দান্ত পারফরম্যান্স উদযাপন করার সময় প্রীতি এই মন্তব্যের জবাব দিলেন। এই মন্তব্যের বিরুদ্ধে তিনি দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং নারীদের জন্য এই ধরনের তকমা কেন সমস্যাজনক, তা তুলে ধরেছেন।
এক্স-এ এক ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্বে বলিউড অভিনেত্রী তাঁকে ‘ট্রফি’ বলা একটি মন্তব্যের জবাব দেন এবং স্পষ্ট করে দেন যে, কেন এই ধরনের তুলনা কারও কাছেই গ্রহণযোগ্য নয়। প্রীতি বলেন, ‘ধন্যবাদ, এটা খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে, কোনও নারীই ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়! ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে আর একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।’
এ সময় তিনি তাঁর আসন্ন সিনেমা নিয়েও কথা বলেন। ‘লাহোর ১৯৪৭’ প্রসঙ্গে প্রীতি বলেন, ‘আমি সব সময়ই একটি পিরিয়ড ফিল্ম করতে চেয়েছিলাম, তাই আমি ‘লাহোর ১৯৪৭’-এ কাজ করেছি। আর অবশ্যই, আমার অন্যতম প্রিয় পরিচালক রাজ কুমার সন্তোষীর সঙ্গে এবং সানির সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের।’ তিনি আরও বলেন যে, ছবিটি 'বিভাজন ও ঘৃণার সময়ে ভালোবাসার এক গল্প' তুলে ধরে, যা তাকে এই প্রকল্পের প্রতি আকৃষ্ট করেছিল।
তাঁর অন্য ছবি ‘ভাইব’ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাইব খুবই মজার ও হালকা মেজাজের একটি ছবি এবং ‘লাহোর ১৯৪৭’-এর তীব্রতার পর এটা করতে পেরে দারুণ লেগেছে।’ তিনি আরও জানান যে, দু’টি ছবিই এই বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
আজকালের খবর/একে