দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচি থেকে জানা গেছে, শনিবার (২ মে) প্রধানমন্ত্রী সিলেট সফরে যাবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
এদিকে তার আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কগুলোতেও চলছে সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম। গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জার কাজ চলছে জোরেশোরে।
সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পুলিশ টহল, বসানো হচ্ছে অতিরিক্ত চেকপোস্ট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা করেছে। দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, সিলেট দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এ সফরে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলছে এবং দ্রুত সম্পন্ন হবে। তিনি বলেন, আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি সুধী সমাবেশে অংশগ্রহণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আজকালের খবর/বিএস