মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকা থেকে তেল পাচারের সময় ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গাড়ির ড্রাইভার সোহরাব (৪৩) কে আটক করে মহম্মদপুর থানা পুলিশ।
বুধবার (৮এপ্রিল) দিবাগত রাতে এ তেল জব্দ ও আটকের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এস আই রেজাউল কবির বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দ্বায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
জানা যায়, একটি গাড়ি থেকে জ্বালানি তেল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় তেলবাহী একটি গাড়ি আটক করে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান ঘটনাস্থলে পৌছে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ এবং গাড়ির ড্রাইভারকে আটকের নির্দেশ সহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
ঢাকা মেট্রো ঢ-৪৪-০২৬৮ নেমপ্লেট ব্যবহৃত মেসার্স ফারুক ব্রাদার্স এর তেলসহ গাড়িটি জব্দ করেন পুলিশ। পুলিশ জানায় গাড়িটির মালিক মহম্মদপুর বাজারের ব্যাবসায়ী বাবুল ট্রেডার্সের মালিক মো: বাবুল মোল্লা।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুজ্জামান বলেন, তেল জব্দের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এছাড়া পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দ্বায়ের করা হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন