রবিবার ৩১ মে ২০২৬
বাগবাটীতে প্রতিবন্ধীর পক্ষে মানববন্ধন, টাকা ফেরতের দাবি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৬২)
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে নির্যাতন ও বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১টায় ছোনগাছা–ইছামতি সড়কের পেঁচিবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ডাকেরপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে প্রতিবন্ধী মো. মহসিন সেখ (৩৯)-এর সঙ্গে ঢাকায় একই ভবনে চাকরি করার সুবাদে পরিচয় হয় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের মোহাম্মদ বীন আসির (জীম)-এর। সেই পরিচয়ের সুযোগ নিয়ে জমি বিক্রির কথা বলে বিভিন্ন সময়ে মহসিনের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা নেন জীম। পরে জমি লিখে না দিয়ে তাকে পেঁচিবাড়িতে একটি পরিত্যক্ত বাড়িতে থাকতে দেন বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তাদের দাবি, পাওনা টাকা বা জমি বুঝিয়ে দিতে বারবার চাপ দিলে সিরাজগঞ্জ সদর থানার এক দারোগা ও ঢাকা থেকে আসা কয়েকজন লোকের সহায়তায় মহসিনকে মারধর ও অমানবিক নির্যাতন করা হয়। খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় পুলিশ তাকে হাতকড়া পরালেও স্থানীয়দের প্রতিবাদের মুখে সেখান থেকে চলে যায় বলে অভিযোগ ওঠে।

গ্রামবাসী আরও বলেন, অভিযুক্ত জীম তাদের গ্রামের হলেও একজন প্রতিবন্ধীর ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তারা মহসিনের পাশে দাঁড়িয়েছেন। দ্রুত তার পাওনা টাকা ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ভুক্তভোগী মহসিন সেখ বলেন, ঢাকায় লিফট অপারেটর হিসেবে কাজ করার সময় জীমের সঙ্গে তার পরিচয় হয়। নিজের উপার্জন, যাকাতের টাকা এবং স্ত্রীর গার্মেন্টসে কাজের আয় থেকে সঞ্চিত অর্থ জমি কেনার আশায় জীমকে দেন। তবে তিনি এখন জমি নয়, কেবল নিজের পাওনা টাকা ফেরত চান। টাকা না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ছেড়ে যাবেন না বলেও জানান।

মানববন্ধনে পেঁচিবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস, বাবলু মল্লিকসহ স্থানীয় অনেকে বক্তব্য দেন। এ সময় গ্রামবাসী, নারী-পুরুষ, প্রবীণসহ মহসিন সেখের স্ত্রী মোমিনা খাতুন এবং তার তিন কন্যা উপস্থিত ছিলেন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft