সাতক্ষীরায় একাধিক সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে যান এবং সেবার মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। চিকিৎসকরা রোগীদের সাথে কেমন আচরণ করেন, সে বিষয়েও তিনি রোগীদের সাথে সরাসরি কথা বলে খোঁজখবর নেন। এরপর তিনি হাসপাতালের টিকিট কাউন্টার, অপারেশন থিয়েটার (ওটি), বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও স্টোর রুম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কর্মস্থলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়ায় তালা হাসপাতালের চিকিৎসক ডা. তন্নী এবং মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহানা সেলিমকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া তালা হাসপাতালে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাইটগার্ড মোস্তফাকেও বরখাস্ত করা হয়।
হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মান দেখতে তিনি রান্নাঘরের খাবার গ্রহণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবায় চিকিৎসকদের আন্তরিকতার ওপর জোর দেন।
পরিদর্শনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করা শারমিন আক্তার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারী চাকরির আকুতি নিয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। মন্ত্রী তার প্রতি মানবিক সহানুভূতি দেখিয়ে সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানী লিমিটেডে (ইডিসিএল) আগামী ১ তারিখে যোগদানের নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাওসার আজিজসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব